টিকিটের জন্য আজও বাংলাদেশের রাজপথে সৌদি প্রবাসীরা - The News Lion

টিকিটের জন্য আজও বাংলাদেশের রাজপথে সৌদি প্রবাসীরা




ঢাকা প্রতিনিধি, বাংলাদেশ ;  সৌদি আরবে কর্মস্থলে ফিরতে চাওয়া বাংলাদেশী প্রবাসীরা আজও রাস্তায়। করোনাকালীন সময়ে দেশে এসে আটকে পড়েছে প্রবাসীরা। এদিকে শেষ হয়ে যাচ্ছে ভিসার মেয়াদ। চাকরি বাঁচাতে যেভাবেই হোক সৌদি আরবে ফিরতে হবে। তাই আজও রাজপথে নেমেছেন তারা। বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইনসের অফিসের সামনে নির্ঘুম রাত কাটাচ্ছেন প্রবাসীরা, তারপরও মিলছে না টিকিট।


 সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে শুরু হয় তাদের এই অবস্থান। বর্তমানে রাজধানীর কারওরান বাজারের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সৌদি আরব প্রবাসীরা। অবস্থানকারীদের অধিকাংশেরই ভিসার মেয়াদ শেষ হবে ৩০ সেপ্টেম্বর।


 হাতিরঝিল থানা পুলিশ জানায়, প্রবাসীদের অনেকেই রাতে আশপাশের আবাসিক হোটেলে অবস্থান নিয়েছিলেন। সকাল থেকে তারা এয়ারলাইন্সের কার্যালয়ের বাইরে অবস্থান শুরু করেন। তবে তারা সড়কের পাশে ও ফুটপাতে রয়েছেন। সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।


এদিকে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কর্তৃপক্ষের শিডিউল অনুযায়ী, আজ যাদের টোকেন নম্বর ১৯০০ থেকে ২৩০০, শুধুমাত্র তাদেরই টিকেট দেয়া হবে। তবে ৩ হাজারের পরের সিরিয়ালের টোকেন নম্বর যাদের, তারাও সকাল থেকে ভিড় করেছেন।


 


ইমতিয়াজ হোসেন নামের এক প্রবাসী বলেন, আমি সৌদিতে একটি প্রতিষ্ঠানের ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করি। আমি কুয়েত এয়ারওয়েজের টিকিট নিয়ে দেশে ফিরেছিলাম ফেব্রুয়ারিতে। জুনে আমার ফেরার কথা ছিল। কুয়েত এয়ারওয়েজ এখনও কার্যক্রম শুরু না করায় সাউদিয়ার টিকেট নিতে এসেছি। আমার টোকেন নম্বর ৩ হাজারের পরে। অক্টোবরের প্রথম সপ্তাহে আমাকে ডাকা হয়েছে। তবে ভিসার মেয়াদ শেষ হওয়ার আশঙ্কায় গত ৪ দিন ধরেই আমি এখানে অবস্থান করছি।


ফ্লাইট বাড়াতে সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে ড. মোমেনের অনুরোধ


 


বাংলাদেশ থেকে সৌদি আরব রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বাড়াতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে প্রিন্স ফয়সালের সঙ্গে ফোনালাপে ড. মোমেন এ অনুরোধ করেন।



 


এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। দেশে বেড়াতে এসে করোনাভাইরাসের কারণে আটকে পড়া প্রবাসীরা সৌদি ফিরতে চাইলে সম্প্রতি ফ্লাইটের টিকিট সংকট দেখা দেয়। এ নিয়ে কারওয়ান বাজারে সাউদিয়া এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে বিক্ষোভও চলছে দুদিন ধরে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.